১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯

প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  © টিডিসি ফটো

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতিমুহূর্তে সরকারি দলকে সব রকমের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল যদি এই সুযোগ না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগ পেত না।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ আয়োজন করে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিরোধী দল সংসদে বসে ভালো কথা বলে। কিন্তু বাইরে গিয়ে ভালো কথা বলছে না। গত ১৭ বছর যারা অত্যাচার-নির্যাতন করেছে, তারা দুই-এক জায়গায় ঝটিকা মিছিল করে আবার পালিয়ে যায়। এই সুযোগ তো তারা পাচ্ছে। বিরোধী দল যে লংমার্চ বা রোডমার্চ করছে, সেখানে কি তেল খরচ হচ্ছে না? রাস্তাঘাটে কি মানুষের ক্ষতি হচ্ছে না? মানুষের চলাফেরায় যানজট সৃষ্টি হচ্ছে না? অসুস্থ রোগীদের কষ্ট পোহাতে হচ্ছে না? তাহলে বিরোধী দল কি কোনো ভালো কাজ করল? অথচ তারা বারবার সংসদে বলছে, তারা সরকারকে সহযোগিতা করবে। সরকারকে সহযোগিতার নমুনা যদি এ ধরনের হয়, এটা কি সহযোগিতা হলো?’

আরও দেখুন: বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 

তিনি বলেন, ‘৫ আগস্টের জন্য ১৭ বছর আমাদের লড়াই-সংগ্রাম করতে হয়েছে। হঠাৎ করে ৫ আগস্ট আসেনি। এই ৫ আগস্ট আসার ক্ষেত্রে আপনারা-আমরা, আমাদের ছাত্র-যুবক, তরুণ-তরুণীরা মাঠে থেকে আন্দোলন করেছে। আন্দোলন করে এই প্রেক্ষাপট তৈরি করেছে। ফলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা এই দেশের দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পরিচালনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অনেকে।