১৬ জুলাই ২০২৬, ১৪:৩৯

আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  © সংগৃহীত

আন্দোলন করে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শুনতে প্রস্তুত থাকলেও পরীক্ষা পণ্ড বা অটোপাসের মতো সিদ্ধান্ত নেওয়া হবে না।’ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক, সরকার তা চায় না। তবে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল বা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘সরকার শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : পৃথিবীতে আছড়ে পড়ার আগেই সুইফট টেলিস্কোপ উদ্ধারে নাসার উদ্যোগ

তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে সবাইকে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।’

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অগ্রাধিকার। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’