৩১ মে ২০২৬, ০৯:৩৭

শোডাউন করে দলীয় সিদ্ধান্ত অমান্য, বহিষ্কার জামায়াত নেতা

শেখ মহিবুল্লাহ ও জামায়াতের লোগো  © টিডিসি ফটো

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে রাড়ুলী ইউনিয়নের এক জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম শেখ মহিবুল্লাহ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।

এরপরও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ঈদুল আজহার পরদিন শুক্রবার (২৯ মে) ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণামতো তিনি ও তার সমর্থকেরা মোটরসাইকেল শোডাউন করেন।

আরও পড়ুন: চারদিন দেশে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেদিন শুরু হতে পারে ভারী বর্ষণ

এ ঘটনায় খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন) শেখ মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পাশাপাশি তিনি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন। এসব অভিযোগে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। এ কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি বহিষ্কারের চিঠি পেয়েছেন বলেও জানান। একই সঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করবেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা জামায়াতের আমির রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন।