২৬ মে ২০২৫, ১২:২২

বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

জামায়াতের লোগের  © সংগৃহীত

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (২৬ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা নির্মমভাবে কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’

আরও পড়ুন: সচিবালয় ‘অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি কর্মচারী নেতাদের

তিনি আরও বলেন, ‘যেকোনো হত্যাকাণ্ডই অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আশা করি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, যাতে এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।’