সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক পদায়ন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জ সদর হাসপাতালের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডা. আহম্মদ হোসেনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ডা. আহম্মদ হোসেন বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। তিনি বর্তমানে সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সংযুক্ত রয়েছেন।
রবিবার স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তার এই পদায়নের আদেশ দেওয়া হয়। উপসচিব সাইফুল ইসলাম দুটি প্রজ্ঞাপনে সই করেছেন।
আরও পড়ুন: ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় ১৫ থেকে ৫৫ কিমি দূর, শিক্ষকশূন্যতা তীব্র
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহম্মদ হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে।