২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রাবি লাইব্রেরিতে যুক্ত হচ্ছে লিফটসহ নানা সুবিধা

কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে উপাচর্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ অন্যরা  © টিডিসি

ছয় দশক পর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে যুক্ত হচ্ছে লিফটসহ নানা সুবিধা। তাদের সহজে ওঠানামা ও লাইব্রেরির বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে লিফটের পাশাপাশি পৃথক টয়লেট ও ডিজেবল কর্নারও স্থাপন করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে এসব তথ্য জানান উপাচর্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। 

এ সময় লাইব্রেরির চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করা ও শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য প্রধান ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেন তিনি। 

আরও পড়ুন: বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চতুর্থ হলেন ছেলে হানিফ

উপাচার্য বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা এ পর্যন্ত লাইব্রেরির সুযোগ-সুবিধা তেমনভাবে পায়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইউজিসির সহযোগিতায় খুব অচিরেই লাইব্রেরিতে লিফট স্থাপন করা হবে। তারা যাতে রিডিং রুমসহ লাইব্রেরির অন্যান্য সুবিধা সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং সহজে ওঠানামা করতে পারে সেসব বিষয় পরিদর্শন করতেই আমরা এসেছি।’

অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম আরও বলেন, ‘লাইব্রেরির আশপাশে যত্রতত্র সাইকেল রাখা দেখতে পাচ্ছি। এ সমস্যার সমাধানেও আমরা একটি স্থায়ী ব্যবস্থা নিতে যাচ্ছি।’