চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছ ব্যবহার, কাজ করছে না শেষ ভরসার অ্যান্টিবায়োটিক
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে দেশের চিকিৎসাব্যবস্থায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। গবেষণা বলছে, কার্বাপেনেম গোত্রের শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আশঙ্কাজনকভাবে কমে গেছে, যেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের ক্ষেত্রে কিছু জীবাণুর প্রতিরোধ ক্ষমতা ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। মূত্রনালির সংক্রমণ থেকে শুরু করে রক্তের মারাত্মক জীবাণু ও এমআরএসএ (মেথিসিলিন-রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস) সংক্রমণের হার বহুগুণ বেড়ে যাওয়ায় সাধারণ ও শেষ ভরসার ওষুধগুলোও অকার্যকর হয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে দেখা দিয়েছে।
সাম্প্রতিক এক গবেষণায় পরীক্ষিত ৫০ হাজার ৮৪৪টি নমুনার মধ্যে ১৩ হাজার ২৫১টিতেই জীবাণু শনাক্ত হয়েছে। প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুতে কার্বাপেনেম গোত্রের শক্তিশালী অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতা এক বছরে ২৮.২ শতাংশ থেকে বেড়ে ৩৬.২ শতাংশে দাঁড়িয়েছে এবং আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় এই প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। এছাড়া ক্ষতিকর মেথিসিলিন-রেজিস্ট্র্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অ্যারিয়াস বা এমআরএসএরর হার বেড়ে ২৬.৩ শতাংশে পৌঁছেছে।
অন্যদিকে, টাইফয়েডের চিকিৎসায় সিপ্রোফ্লক্সাসিনের প্রতিরোধ বেড়ে ৫০ শতাংশ এবং মূত্রনালির সংক্রমণে ই. কোলাইয়ের বিরুদ্ধে নাইট্রোফিউরান্টইনের প্রতিরোধ ৩৩.৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫০.১ শতাংশে উন্নীত হয়েছে, যা সাধারণ ও জটিল উভয় সংক্রমণের চিকিৎসাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ফলে, এসব প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে।
বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সদ্য প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ উপলক্ষে এই প্রতিবেদন সামনে এসেছে।
আরও পড়ুন: লাল ফিতার দৌরাত্মে আটকে গেছে বিএমইউর ডেন্টাল স্টেম সেল ব্যাংক
এদিন রোগীদের শরীরে কাজ করছে না ওষুধ—এমন ভয়াবহতা ঠেকাতে জনসচেতনতামূলক র্যালি ও সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগ। ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন, প্রিভেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স নাউ’— এই প্রতিপাদ্যে এবারের সপ্তাহটি পালিত হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, যথেচ্ছ ও অসচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স বৃদ্ধি পাওয়ায় শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হার মানছে জীবাণুর কাছে। আর কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। বিপরীতে শক্তিশালী হচ্ছে জীবাণু। এর ফলে সংকটে পড়েছে সংক্রমণের চিকিৎসা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা প্রাপ্তি বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ভয়াবহতা পর্যায়ে পৌঁছেছে। এর ফলে রোগী যখন অসুস্থ হয়ে পড়ে এবং আরোগ্য লাভের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, তখন তা কাজ করে না। বর্তমানে এটা ভয়াবহ আকার ধারণ করছে। এ অবস্থা থেকে উত্তোরণে জনসচেতনতার কোনো বিকল্প নাই।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট কোর্স ডিউরেশন আছে। একবার অ্যান্টিবায়োটিক শুরু করলে তা চিকিৎসক নির্ধারিত দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। আবার অনেক সময় কোনো কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। যেমন— গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এর ব্যবহার করলে গর্ভের সন্তানেরও ক্ষতি হতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধ করা প্রয়োজন।
অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে বা অসচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। মানবদেহে তৈরি হয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স। এর ফলে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, শক্তিশালী হচ্ছে জীবাণু এবং সংকটে পড়েছে চিকিৎসাসেবা।
প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ভয়াবহ চিত্র
অনুষ্ঠানে অধ্যাপক আবু নাসের জানান, এক বছরে কার্বাপেনেম প্রতিরোধ ২৮ থেকে ৩৬ শতাংশে এবং আইসিইউ রোগীর নমুনায় ৯৫ শতাংশ ছাড়িয়েছে। হাসপাতালে গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেরোপেনেম এখন গ্রাম-নেগেটিভ জীবাণুগুলোর এক-তৃতীয়াংশের বেশির বিরুদ্ধে কাজ করছে না। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় এই হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
প্রকাশিত প্রতিবেদনটি যাচাই করে দেখা গেছে, প্রতিবেদনের সময়কালে বিভাগটি ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করেছে, যা ২০১১ সালের ৩১ হাজার ৬৮৬ এবং ২০১৪-১৫ সালের ৪৬ হাজার ২৭৯টির চেয়ে বেশি। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় (২৯.১ শতাংশ) ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ১৭ হাজার ১০৮টি প্রস্রাবের নমুনার মধ্যে ৩৭.৬ শতাংশে এবং ১৬ হাজার ১০৪টি রক্তের নমুনার মধ্যে ৮ শতাংশে জীবাণু শনাক্ত হয়েছে। শনাক্ত জীবাণুর প্রায় অর্ধেক (৪৮ ৬ শতাংশ) এসেছে প্রস্রাব থেকে। এরপর রয়েছে ক্ষতের নমুনা (১৯১ শতাংশ), রক্ত (১০.২ শতাংশ) ও কফ (১.৭ শতাংশ)। প্রস্রাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই (৫০.৬ শতাংশ), আর রক্তে ক্লবসিয়েলা (১৮.৬ শতাংশ)। ক্ষতে সিউডোমোনাস এবং কফে ক্লবসিয়েলা প্রাধান্য দেখা গেছে।
প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো কার্বাপেনেম গোত্রের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। ছয়টি প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টি (৩৬.২ শতাংশ) মেরোপেনেম-প্রতিরোধ পাওয়া গেছে। আগের বছর এ হার ছিল ২৮.২ শতাংশ।
এক বছরে ক্লবসিয়েলার মধ্যে কার্বাপেনেম প্রতিরোধ ২৭.৬ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে, আর ই. কোলাই-এর মধ্যে ১৪ থেকে বেড়ে ২০.৭ শতাংশ। হাসপাতালে সংক্রমণ ছড়ানোর জন্য পরিচিত অ্যাকিনেটোভ্যাক্টরের ৫৭.৫ শতাংশ এবং প্লিউরোকোকাস-এর ৫২.১ শতাংশ কার্বাপেনেম-প্রতিরোধী। আগের বছরের তুলনায় এ দুটির হার কিছুটা কমলেও এখনো অর্ধেকের বেশি। ২০২২-২৩ সালের তুলনায় কার্বাপেনেম-প্রতিরোধ প্লিউরোকোকাস-এর সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে।
রক্তের সংক্রমণে পরিস্থিতি আরও কঠিন। রক্ত থেকে পাওয়া ক্লবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাকিনেটোভ্যাক্টরের ৬২.১ শতাংশ এবং ই. কোলাই-এর ৩৩.৩ শতাংশ মেরোপেনেম-এ সাড়া দিচ্ছে না। আইসিইউর রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত (ট্র্যাকিয়াল অ্যাসপিরেট) নমুনা ক্লবসিয়েলা ও অ্যাকিনেটোভ্যাক্টরের প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বিভাগ ও আইসিইউতে কার্বাপেনেমকে প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহারের সঙ্গে এই চিত্র সামঞ্জস্যপূর্ণ। সর্বশেষ ভরসা হিসেবে বিবেচিত কোলিস্টিন এখনো বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর। সব নমুনা মিলিয়ে ক্লবসিয়েলার ০.৪ শতাংশ ও অ্যাকিনেটোভ্যাক্টর কোলিস্টিন-প্রতিরোধী। তবে রক্তের নমুনায় এ হার যথাক্রমে ৩.৬ ও ৩.১ শতাংশ, যা ভবিষ্যতের জন্য সতর্কসংকেত।
এ ছাড়া মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু ই. কোলাই-এর ৮২.৮ শতাংশ অ্যামোক্ল্যাভিক অ্যাসিডে, ৭৩৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিনে, ৯২.২ শতাংশ সেফট্রিয়াক্সনে এবং ৫২.৯ শতাংশ জেন্টামিসিনে সাড়া দিচ্ছে না। মূত্রনালির সংক্রমণে বহুল ব্যবহৃত নাইট্রোফিউরান্টইনের প্রতি প্রতিরোধ এক বছরে ৩৩.৩ থেকে বেড়ে ৫০.১ শতাংশ হয়েছে। প্রস্রাবের ই. কোলাই-তে মেরোপেনেম প্রতিরোধও ১২.৫ থেকে বেড়ে ১৮.৪ শতাংশে পৌঁছেছে। তবে পাইপারাসিলিন-ট্রেজোব্যাকটাম (প্রতিরোধ ৯.৪ শতাংশ), কোলিস্টিন, টাইমেপেসিলিন এখনো কার্যকর রয়েছে। অবশ্য ইতিবাচক দিক হলো— প্রস্রাবে ইএসবিএল উৎপাদনকারী ই. কোলাই-এর হার ৩.১৬ থেকে কমে ২.৭ শতাংশ হয়েছে।
প্রতিবেদনে মূত্রনালির নমুনায় ভ্যানকোমাইসিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অ্যারিয়াস (১১টি) এবং এন্টারোকক্কাস (১৩টি) শনাক্তের তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্রাবে ১৩টি লাইনজোলিড-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অ্যারিয়াস-ও পাওয়া গেছে। মেথিসিলিন-রেজিস্ট্র্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অ্যারিয়াস (এমআরএসএ) ধারাবাহিকভাবে বাড়ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এমআরএসএর হার ২০২২-২৩ সালের ৯.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১৯.২ এবং চলতি প্রতিবেদনে ২৬.৩ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে রক্ত থেকে পাওয়া ১৪১টি টাইফয়েডের জীবাহুর (সালমোনেলা টাইফি) অর্ধেক সিপ্রোফ্লক্সাসিন-প্রতিরোধী, যা আগের বছর ছিল ৪০.৩ শতাংশ। নালিডিক্সিক অ্যাসিড-প্রতিরোধ ৬৯.৭ শতাংশ। পাঁচটি জীবাণু টাইফয়েডের প্রধান ওষুধ সেফট্রিয়াক্সনে সাড়া দেয়নি, আগের বছর এ সংখ্যা ছিল চার। তবে কো-ট্রাইমোক্সাজল (১২ শতাংশ) ও ক্লোরামফেনিকলের (১৪.৯ শতাংশ) প্রতি প্রতিরোধ কম থাকায় এগুলো আবার কার্যকর বিকল্প হয়ে উঠছে।
রক্তে ছত্রাক সংক্রমণের ক্ষেত্রেও নতুন প্রবণতা দেখা গেছে। ৬ হাজার ৫৯১টি নমুনার মধ্যে ৭৬টিতে ইস্ট পাওয়া গেছে। ক্যানডিডা অ্যালবিকানস ও ক্যানডিডা ট্রপিকালিস-এর (২২টি করে) পরেই রয়েছে ক্যানডিডা গ্ল্যাব্রাটা (১৮টি), যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এই প্রজাতির ৭১.২ শতাংশ ফ্লুকোনাজল-প্রতিরোধী যা আগের বছর ছিল ৪০ শতাংশ। তবে মাইকাসাফাঞ্জিন সব প্রজাতির বিরুদ্ধে কার্যকর ছিল।
প্রতিবেদনের ভূমিকায় এএমআরকে একটি ‘নীরব মহামারি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত প্রেসক্রিপশন, রোগীর চাপ, নিজে নিজে ওষুধ সেবন, অপর্যাপ্ত মাত্রায় ওষুধ গ্রহণ এবং রোগনির্ণয় ছাড়াই ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালগুলো ‘প্রতিরোধী জীবাণুর হটস্পট’ এবং এক হাসপাতালের প্রতিরোধী সংক্রমণ রোগীর মাধ্যমে অল্প সময়ে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও আইসিইউ চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।প্রতিবেদনে সীমাবদ্ধতার কথাও স্বীকার করা হয়েছে। কার্যকর হাসপাতাল ও ল্যাবরেটরি তথ্যব্যবস্থা না থাকায় নমুনাগুলো বহির্বিভাগ, অন্তর্বিভাগ না জরুরি বিভাগের, তা আলাদা করা যায়নি। রোগীর আগের অ্যান্টিবায়োটিক সেবনের ইতিহাসও পাওয়া যায়নি। এর ফলে প্রতিরোধের হার প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখাতে পারে। তবে এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্কিম (ইকিউএএস), অভ্যন্তরীণ মাননিয়ন্ত্রণ ও মাসিক তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের মান নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এএমআর মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো— অ্যান্টিবোগ্রাম তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানভিত্তিক অ্যান্টিবায়োটিক নীতিমালা প্রণয়ন; অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কর্মসূচি, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা, মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন; আইসিইউতে কার্বাপেনেম ব্যবহার সীমিত করা এবং কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা; ভ্যানকোমাইসিন, লিজোলিড, কোলিস্টিন-প্রতিরোধী সব জীবাণু মলিকুলার পরীক্ষায় নিশ্চিত করা; এবং ২০৩০ সালের মধ্যে এএমআর মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী যক্ষ্মাসহ ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করা।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকার সেতুসহ বিভাগের সকল শিক্ষক এবং এমডি রেসিডেন্ট চিকিৎসকেরা প্রতিবেদনটি সমন্বয়, রচনা ও সংকলন করেছেন।
উল্লেখ্য, বুধবার আয়োজিত র্যালি ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকার সেতু, সহযোগী অধ্যাপক ডা. ইসমেত নিগার, সহকারী অধ্যাপক ডা. এস এম আলী আহম্মদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা প্রমুখ অংশগ্রহণ করেন।