৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে রূপরেখা
দেশের প্রায় ৬ কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করেছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সেবা সচল রাখতে আগামী ছয় মাস আগের কাঠামোর আওতায়ই কেন্দ্রগুলো পরিচালিত হবে এবং এ সময়ের মধ্যেই একটি টেকসই বহুমুখী কর্মপরিকল্পনায় নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই ৫৫ বছরে বাংলাদেশে নগর স্বাস্থ্য—অর্থাৎ নগরে যারা বাস করেন, সেই নাগরিকদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়ালি তেমন কোনো দায়িত্ব ছিল না। ৬ কোটির ওপর মানুষ বাংলাদেশের নগরে বসবাস করেন, যার মধ্যে ২ কোটি নগরবাসী দারিদ্র্যসীমার নিচে অবস্থান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতে আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, এটি তার মধ্যে একটি যে—বাংলাদেশের নগর স্বাস্থ্যের দায়িত্ব এখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে।
তিনি বলেন, আমরা নতুন করে আরবান হেলথ গড়ে তোলার জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। নগরে যে ব্যবস্থাটি চলছিল, সেটা আমরা হঠাৎ করে বন্ধ করে দিইনি। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী মার্চ পর্যন্ত এই হেলথ সেন্টারগুলো আগের মতো এনজিওর মাধ্যমে চালু থাকবে, যাতে কোনো সার্ভিস ইন্টারাপ্ট না হয়। সরকারের পক্ষ থেকে এর আর্থিক ব্যাপারগুলোরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
নগর স্বাস্থ্য গ্রামীণ স্বাস্থ্য থেকে একটু ভিন্ন হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রামে প্রতি বর্গ কিলোমিটারে ১০০-সোয়া ১০০ মানুষ থাকেন, আর নগর স্বাস্থ্যের জায়গাগুলোতে ১১০০-১২০০ মানুষ থাকেন—অর্থাৎ ১০ গুণ বেশি। সেখানে অতি সহজেই ক্লায়েন্ট পাওয়া যায় এবং ঘনঘন অনেকগুলো সেন্টার করার সুযোগ থাকায় রোগীকে বেশি দূরে ট্রাভেল করতে হয় না। এছাড়া গ্রামে ডাক্তারের সংকট থাকলেও শহরে ডাক্তারের কোনো অভাব নেই এবং জনবল সংকট কম হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রাইমারি হেলথ কেয়ারের পাশাপাশি বিশেষায়িত সেবাগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টর, এনজিও বা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিশনারদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করতে পারি। এছাড়া ডিমান্ড সাইড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে নগরের জন্য বাজেট দিয়ে নাগরিকের হাতে কিছু তুলে দিলে এবং তারা সার্ভিস প্রোভাইডার বেছে নিলে একটি নতুন ধরনের স্বাস্থ্যব্যবস্থা তৈরি হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা-নার্স-কর্মচারীদের সমাবেশ
ড. এম এ মুহিত বলেন, এর সঙ্গে আমরা যে ডিজিটাল হেলথ ও ই-হেলথ কার্ডের কথা বলছি, এটি নগর স্বাস্থ্যকে পুনর্গঠনে বিশাল ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর ফ্লো, তথ্যের ফ্লো কন্ট্রোল ও মনিটর করা এবং প্রোগ্রাম বাস্তবায়নের মনিটরিং করা সম্ভব হবে। পর্যাপ্ত ডেটার মাধ্যমে আউটকাম ইভ্যালুয়েট করা এবং প্রেসক্রিপশন, ওষুধপত্র, চিকিৎসা ও ইনভেস্টিগেশনসহ সবকিছু এই ই-হেলথ সিস্টেমে পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী বলেন, নগর স্বাস্থ্যব্যবস্থার মডেল নিয়ে বিভিন্ন মডেল নিয়ে কাজ করতে হবে—কোনটা বেশি কষ্ট ইফেক্টিভ এবং কোনটার দ্বারা সার্ভিসের ইম্প্রুভমেন্ট বেশি দেখা যায়। আমরা কি এমন একটি আরবান হেলথ সিস্টেম বানাতে চাচ্ছি, যেখানে রোগী কমতে থাকে? মানুষকে ওষুধের চেয়ে লাইফস্টাইল ইন্টারভেনশন দিয়ে আরও ভালো পরিস্থিতিতে নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। ৬ কোটি মানুষের জন্য স্ক্র্যাচ থেকে একটি হেলথ সিস্টেম গড়ে তোলার এটি একটি বিরাট সুযোগ। বিশেষজ্ঞদের দেওয়া বিভিন্ন মডেলের অ্যাডভান্টেজ ও কস্টিং বিবেচনা করে আমরা প্লানিং স্টেজ থেকেই একসাথে কাজ করতে চাই।
‘আরবান হেলথ শুধুমাত্র হসপিটাল বা চিকিৎসা নয়’ উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে আরবান হাউজিং, ২-আড়াই কোটি দরিদ্র মানুষের ওয়াটার সানিটেশন ও এমপ্লয়মেন্ট জড়িত। ব্যস্ত শহরে নারী, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষ হিসেবে আমরা সবাই নানানভাবে ভালনারেবল। শহরের সোশ্যাল ক্যাপিটাল ও সোশ্যাল সাপোর্টের অনুপস্থিতির কারণে এই ভালনারেবিলিটির মাত্রা অনেক বেশি। এছাড়া তরুণ কর্মজীবী ও দূর গ্রাম থেকে আসা মানুষদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অ্যাড্রেস করার জন্য প্রাইমারি হেলথ কেয়ারে আলোচনা হওয়া দরকার। আরবান পপুলেশনে নন-কম্যুনিকেবল ডিজিজ (এনসিডি) বেশি থাকায় এনসিডি ও প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেসকে আরবান হেলথ সাজানোর সময়েই ইনগ্রেইন করে নিতে হবে। পাশাপাশি এসডিজি’র (এসডিজি) গোলগুলোর সঙ্গে হাউজিং, সানিটেশন, এমপ্লয়মেন্ট ও এডুকেশনকে যুক্ত করতে হবে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে একটি মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান অন আরবান হেলথ থাকা উচিত।
বর্তমানে ১৯২টি ক্লিনিকের মাধ্যমে মাত্র প্রায় ৬০ লক্ষ মানুষ (৯-১০ পার্সেন্ট) কাভার্ড হয় উল্লেখ করে এই জনস্বাস্থ্যবিদ বলেন, বাকি ৯০ পার্সেন্টের কি হবে, তা নিয়ে দুই-চার মাসের মধ্যে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য ইমিডিয়েট পরিকল্পনায় বসা দরকার। এই প্রথম বাজেটেই আমরা সবুজ পাতায় আরবান হেলথের একটি প্রজেক্টের জায়গা রেখেছি। এছাড়া আরবান ক্লিনিকের ডাক্তার, নার্স ও ডিসপেনসারি পরিচালনাকারীদের পাশাপাশি প্রতিবন্ধী নারী, ক্যান্সার আক্রান্ত বয়স্ক মানুষ কিংবা ১৬ ঘণ্টা কাজ করা যুবকদের নিড অ্যাসেসমেন্ট করা দরকার। আরবান হেলথ সিস্টেম ন্যাশনাল হেলথ সিস্টেমের পার্ট হলেও উপজেলা হেলথ সিস্টেমের হুবহু রেপ্লিকেট হবে না; বরং পলিসি এবং অর্গানোগ্রামে ভিন্নতা থাকতে হবে, যেখানে স্বাস্থ্যসেবা বিভাগ, ফ্যামিলি প্লানিং, নার্সিং ও মিডওয়াইফদের স্টেকহোল্ডার হিসেবে থাকতে হবে।
আরও পড়ুন: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়
প্রতিমন্ত্রী আরও বলেন, আরবান হেলথের ফাইন্যান্সিং নিয়ে ব্র্যাকের মডেল ও ইউনিভার্সাল হেলথ কাভারেজের কাজগুলোকে প্লানিং স্টেজে যুক্ত করতে হবে। এছাড়া আরবান হেলথে শুধু সংখ্যা নয়, বেনিফিশিয়ারি ও ফাস্টলাইনের সার্ভিস প্রোভাইডারদের চ্যালেঞ্জগুলো জানতে গুণগত বা কোয়ালিটেটিভ ডেটা সংগ্রহ করতে হবে। আরবান হেলথের সিস্টেমটি উপজেলা বা গ্রামীণ সিস্টেম থেকে কীভাবে ভিন্ন হবে এবং সেজন্য পলিসি ও অর্গানোগ্রামে কী পরিবর্তন আসবে, তা আলোচনায় উঠে আসতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা বিভাগ, ফ্যামিলি প্লানিং, নার্সিং ও মিডওয়াইফ বিভাগগুলোকে এই প্রক্রিয়ায় জোরালো ভূমিকা রাখতে হবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, বাংলাদেশের যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা ডেভেলপ করেছিল, সেটা অনেকটা গ্রামভিত্তিক। ইট ইজ আ ওয়ান ডে হেলথ সিস্টেম। যদি শক্তি দেশগুলির সাথে যদি তুলনা করি, বাংলাদেশের যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম—এটা কিন্তু ভেরি ওয়াকিং এবং ক্যাপাবেল একটা সিস্টেম ছিল। কিন্তু দ্রুত আরবানাইজেশনের ফলে যেটা হয়েছে, মানুষ কাজের সন্ধানে গ্রামে শহরে আসছে এবং ধনী শ্রেণী কমফোর্টের জন্য শহরে চলে এসেছে। দুটি কারণে আরবানাইজেশনের আর পপুলেশন বেড়ে গিয়েছে। সেই জায়গায় যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলি ছিল গ্রামভিত্তিক, শহরে কিন্তু এই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলি ডেভেলপ করে নাই।
তিনি বলেন, নগর স্বাস্থ্য অনেকটা বিগত সরকারগুলোর আমলে এনজিওভিত্তিক ছিল। দেখা গেছে যে এই অর্গানাইজেশনগুলো—কয়েকটা কাজ করছে, কয়েকটা কাজ করছে না এবং বিভিন্ন মডেল এই ক্ষেত্রে কাজ করেছে, কিন্তু সাকসেসফুলি শহরের মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সাকসেসফুল হয়নি, ব্যর্থ হয়েছে। যার ফলে আপনারা দেখবেন যে, শহরকেন্দ্রিক আমাদের যে টারশিয়ারি লেভেলের হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে—ঢাকা মেডিকেল কলেজে আপনারা জানেন যে ২৬০০ সিট আছে, সেইখানে যদি আপনারা যান, দেখবেন যে প্রায় তিন ডাবল রোগী।
তিনি আরও বলেন, আপনি ঢাকা মেডিকেলের আউটডোর যদি যান, আজকে একেকটা আউটডোরে বিশাল লাইন এবং সেই লাইনে প্রায় ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০ করে রোগী দাঁড়িয়ে আছে। সেই রোগীগুলোর মধ্যে যদি আমাদের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা ডেভেলপ থাকত, এর আগেও সমীক্ষা হয়েছে, এর ৫০% পেশেন্ট ডাজ নট নিড টু কাম টু ঢাকা মেডিকেল কলেজ। তারা ওই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলিতে এই সেবাটা নিতে পারত।
বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক ডা. কাজী সাইফুদ্দিন বেননূর বলেন, বাংলাদেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ শহরে বসবাস করে এবং এটা ক্রমাগত বাড়ছে। তার মধ্যে আবার ৪০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে। প্রায় দুই কোটির মতো লোক যারা শহরে থাকেন এবং দারিদ্র্যসীমার নিচে থাকেন— তাদের স্বাস্থ্যসেবা কিন্তু নিশ্চিতভাবে আমরা ভালোভাবে দিতে পারিনি।
তিনি বলেন, ম্যাক্সিমাম স্বাস্থ্যসেবা আউট অব পকেট খরচ হয়। কিন্তু এই শহরে থাকা দরিদ্র লোকগুলো কিন্তু এই আউট অব পকেট খরচটা করতে পারে না। এজন্য প্রমাণভিত্তিক কাজ আমাদের করতে হবে এবং এই প্রমাণটাকে আমাদের আনতে হলে তাহলেই কিন্তু এই আমাদের পরবর্তী কার্যক্রমগুলো শক্তিশালী হবে, পরবর্তী কার্যক্রমগুলো লক্ষ্যভেদী হবে। সেই প্রমাণ করতে হলে আমাদেরকে গবেষণায় আসতে হবে, রিসার্চে আসতে হবে।
আরও পড়ুন: হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব্যবস্থা চালুর উদ্যোগ
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, এই মডেলটা আমাদের একটু চিন্তা করতে হবে যে, সার্ভিস টাইমটা একটু বাড়িয়ে দেওয়া। যেমন আটটা থেকে শুরু করে যদি রাত আটটা বা নয়টা পর্যন্ত খোলা রাখা যায়, তাহলে একটু জনগণ বেশি উপকৃত হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত্য অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্কের সদস্য সচিব ডা. শামীম হায়দার তালুকদার। এতে স্বাগত বক্তব্য দেন এমিন্যান্স বাংলাদেশের আবু বকর সিদ্দিক। এতে কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মানাল মিজানুর রহমান।
গোলটেবিলে বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার এমদাদুল হক, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ সিস্টেম ইউনিটের সাঙ্গে ওয়াংমো, প্রখ্যাত চিকিৎসক ডা. সৈয়দ জাকির হোসেন প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং খাতসংশ্লিষ্ট অংশীজনেরা তাদের মতামত তুলে ধরেন।