বাংলাদেশে সমন্বিত নিউরো রিহ্যাবিলিটেশন সেবা সম্প্রসারণে বিএমইউতে কর্মশালা
স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরিসহ বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কার্যক্ষমতা পুনরুদ্ধার ও জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত পুনর্বাসনসেবা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীরা নিউরো রিহ্যাবিলিটেশন সেবার উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।
আরও দেখুন: এইচএসসি পাসে সেল্স অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ
বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এবং জেনারাস কোম্পানি লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালাটিতে সহায়তা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬: অ্যাডভান্সড এক্সপেরিয়েন্স শেয়ারিং অপরচুনিটি’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
আরও দেখুন: জনবল নিয়োগ দেবে বিডিজবস, নারী প্রার্থীদের অগ্রাধিকার
কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনারাস কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, নিউরো রিহ্যাবিলিটেশন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি সুস্থতা এবং সামাজিক জীবনে পুনরায় অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সেবা রোগীদের কার্যক্ষমতা পুনরুদ্ধারের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নেও সহায়তা করে।
আরও দেখুন: পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গবেষণা
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব ও সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।