ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত, মঙ্গলবার থেকে প্রশিক্ষণ পাচ্ছেন চিকিৎসক-নার্সরা: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ডেঙ্গু মোকাবিলায় উপজেলা হাসপাতালে ডেঙ্গু কর্নার, প্রয়োজনে বিভিন্ন স্থানে ফিল্ড হাসপাতাল এবং চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসান ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, এখন যেহেতু দুয়েকজন করে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু হয়— সেজন্য আমরা কালক্ষেপন করতে চাই না। আমরা ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্ণার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে।
আরও পড়ুন: ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ক্রুটি মিলেছে
মন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল (মঙ্গলবার) থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।
ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি কর্পোরেশন এর সঙ্গে দুমাস আগে থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল আবার সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে বসব।
সভায় ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপ চালু করার ব্যাপারেও আলোচনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু বিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।