অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি
অনেকেই আছেন গরম চা-কফি ছাড়া চলেই না। দোকানে গিয়ে গরম গরম চা পেলেই বেজায় খুশি। কিন্তু তিনি হয়তো জানেনই না ধূমপান ও মদ্যপানের মতোই নিয়মিত অতিরিক্ত গরম চা-কফি পান করার অভ্যাসও ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে দীর্ঘদিন অত্যন্ত গরম পানীয় পান করলে খাদ্যনালির কোষ ক্ষতিগ্রস্ত হয়ে এক ধরণের খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পোস্ট করে বিষয়টি সামনে আনেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রিয়ম বরদলই। তিনি জানতে চান, কোন অভ্যাসটি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। প্রশ্নে চারটি অপশন ছিল—আন্ডারআর্মে ডিওডোরেন্ট ব্যবহার, প্যান্টের পকেটে মোবাইল রাখা, নিয়মিত অত্যন্ত গরম চা বা কফি পান এবং মাইক্রোওয়েভ ওভেনে খাবার পুনরায় গরম করা।
সঠিক উত্তর হিসেবে পরে তিনি নিয়মিত অত্যন্ত গরম চা বা কফি পান করার বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে মোবাইল ফোন, মাইক্রোওয়েভ ওভেন ও ডিওডোরেন্ট নিয়ে প্রচলিত কিছু ধারণাকে ভুল বা প্রমাণহীন বলে ব্যাখ্যা করেন।
কীভাবে গরম পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?
চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, অতিরিক্ত গরম পানীয় পান করলে খাদ্যনালির ভেতরের সূক্ষ্ম আবরণ বা স্কোয়ামাস এপিথেলিয়াম বারবার তাপজনিত ক্ষতির শিকার হতে পারে। এতে খাদ্যনালির কোষে প্রদাহ ও ক্ষতি তৈরি হয় এবং ক্ষতিগ্রস্ত কোষের পরিবর্তে নতুন কোষ তৈরির প্রক্রিয়া বাড়ে।
দীর্ঘদিন ধরে এভাবে কোষের ক্ষতি ও পুনর্গঠন চলতে থাকলে কোষ বিভাজনের সময় ডিএনএতে ভুল বা পরিবর্তন তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে। শরীর সাধারণত এসব ক্ষতি মেরামত করতে সক্ষম হলেও দীর্ঘ সময় ধরে বারবার ক্ষতি হলে কিছু পরিবর্তন স্থায়ী হয়ে যেতে পারে।
সেখান থেকেই ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে অত্যন্ত গরম চা, কফি বা অন্যান্য পানীয় পান করার অভ্যাস খাদ্যনালির স্কোয়ামাস সেল কার্সিনোমা-র ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে চিকিৎসাবিজ্ঞানে উল্লেখ করা হয়েছে।
গরম যে কোনো কিছুই ক্ষতিকর
এখানে মূল বিষয় চা বা কফি নয়, বরং পানীয়টি কতটা গরম অবস্থায় পান করা হচ্ছে। অর্থাৎ চা-কফি খাওয়ার অভ্যাস নিজে ক্যান্সারের কারণ এমন নয়। তবে অত্যন্ত গরম অবস্থায় নিয়মিত পান করলে খাদ্যনালিতে তাপজনিত ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।
আরও খবর: অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে যাওয়া শিক্ষক-কর্মচারীর সংখ্যা বাড়ল
তাই চা বা কফি কাপ থেকে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মুখ বা জিহ্বায় অস্বস্তি তৈরি হয় কিংবা পান করতে গিয়ে ফুঁ দিতে হয়, এমন তাপমাত্রায় পানীয় না খাওয়াই নিরাপদ।
মোবাইল ও মাইক্রোওয়েভ নিয়ে কী বলছেন চিকিৎসক?
ডা. প্রিয়ম বরদলই তাঁর পোস্টে উল্লেখ করেন, মোবাইল ফোন বা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের সঙ্গে ক্যান্সারের সরাসরি যোগ রয়েছে এমন প্রমাণ নেই। এসব যন্ত্র থেকে নন-আয়োনাইজিং রেডিয়েশন নির্গত হয়, যা আয়োনাইজিং রেডিয়েশনের মতো ডিএনএ ভাঙার ক্ষমতা রাখে না।
একইভাবে ডিওডোরেন্ট ব্যবহারের সঙ্গে স্তন ক্যান্সারের সম্পর্ক রয়েছে এমন দাবির পক্ষেও এখন পর্যন্ত শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে ক্যান্সারের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাতীয় পণ্য এড়িয়ে চলা, অতিরিক্ত মদ্যপান না করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি অতিরিক্ত গরম পানীয় পান করার অভ্যাসও এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। (সূত্র: এই সময়)