পদোন্নতির পরও আয় কমতে পারে অনেক সরকারি চাকরিজীবীর
সদ্য ঘোষিত নতুন বেতনকাঠামো অনুযায়ী চার মাসের বকেয়াসহ বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী রবিবার (১ নভেম্বর) এ বেতন দেবে সরকার। তবে সরকারি অনেক চাকরিজীবীর নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করতে না পারায় শুরুতে তারা এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এ ছাড়া অসঙ্গতি থাকায় পদোন্নতির পরও অনেকের মোট আয় কমতে পারে বলে জানা গেছে।
নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া ভাতা নিয়েও অসংগতি রয়েছে বলে কর্মচারীরা জানিয়েছেন। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, দশম গ্রেডের একজন কর্মকর্তার ১০ বছর চাকরি পূর্ণ করার পর নবম গ্রেডে পদোন্নতি বা প্রথম উচ্চতর গ্রেড পান। তখন তার মূল বেতন ৪৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৫১ হাজার টাকা হয়। সে হিসাবে মূল বেতন বাড়বে ১ হাজার ৩০০ টাকা।
এ ক্ষেত্রে গ্রেড পরিবর্তনের সঙ্গে বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় তার মোট আয়ও কমে যেতে পারে। দশম গ্রেডে ৪৯ হাজার ৭০০ টাকা মূল বেতনের ওপর ৫০ শতাংশ হারে বাড়িভাড়া হবে ২৪ হাজার ৮৫০ টাকা। আর নবম গ্রেডে ৫১ হাজার টাকা মূল বেতনের ওপর ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া হলে ২২ হাজার ৯৫০ টাকা পাবেন তারা। অর্থাৎ বাড়িভাড়া কমবে ১ হাজার ৯০০ টাকা।
এর ফলে মূল বেতন ১ হাজার ৩০০ টাকা বাড়লেও বাড়িভাড়া ভাতা কমে যাবে ১ হাজার ৯০০ টাকা। সবমিলিয়ে মাসিক মূল বেতন ও বাড়িভাড়া ভাতা ৬০০ টাকা কমে যাবে। কর্মচারীরা আশঙ্কা প্রকাশ করে বলছে, একই ধরনের সমস্যা একাধিক গ্রেডে রয়েছে।
আরও খবর: আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে স্থাপন-একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি
উচ্চতর গ্রেড পাওয়ার সময় নির্ধারণ নিয়েও আপত্তি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। তারা অভিযোগ করে বলছেন, চলতি বছরের ৩০ জুন যাদের চাকরির বয়স ৮ বছর পূর্ণ হয়েছে এবং যাদের ১০ বছর হয়েছে, তারা সবাই ১ জুলাই থেকে প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হতে পারেন। এতে একই গ্রেডের জ্যেষ্ঠ ও জুনিয়র কর্মকর্তার বেতন সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বেতন নির্ধারণের ধাপের কারণে কোনো কোনো ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তার বেতন জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়েও বেশি হতে পারে জানিয়ে তারা বলছেন, উচ্চতর গ্রেড পাওয়ার সময়ের ব্যবধানের কারণেও বেতনবৈষম্য তৈরি হতে পারে। দুবার উচ্চতর গ্রেড পেতে জুনিয়র কর্মকর্তার ১৪ বছর লাগলেও একজন জ্যেষ্ঠ কর্মকর্তার লাগতে পারে ১৬ বছর। উচ্চতর গ্রেডের যোগ্যতা ও সময় নির্ধারণের নিয়ম স্পষ্ট না হলে অসংগতি থেকে যাবে বলে তারা মনে করছেন।