২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বাজার মূল্য অনুযায়ী ডিজেলে বিপিসির লিটারপ্রতি লোকসান প্রায় ৮৯ টাকা। দৈনিক লোকসান ১০৯ কোটি টাকা। শুধুমাত্র ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হবে। তাহলে এর মধ্যে ২০ টাকা যদি লিটারে আমরা বাড়াই, তাতে ১০ হাজার কোটি টাকা লোকসান কমানো যেতে পারে। তার মানে অকল্পনীয় পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। সরকার বিপুল অংকের ভর্তুকি দিচ্ছে। সে কারণেই এই তথ্য দেওয়া বলে জানান তিনি।

গ্যাস ফিল্ড খোঁজার জন্য জরিপ চালাতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘হবিগঞ্জ ফিল্ড ও তৎসংলগ্ন এলাকায় ৮৭৫ বর্গকিলোমিটার এবং বখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ড এলাকায় ৫৭৫ বর্গকিলোমিটারসহ মোট ১৪৫০ বর্গকিলোমিটার এলাকায় থ্রিডি সাইসমিক জরিপ পরিচালিত হয়েছে। 

আরও পড়ুন: চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক সমিতি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘তিতাস ফিল্ডের উত্তর-পশ্চিমে ও নরসিংদী ফিল্ডের উত্তর-পূর্বে ৬৩২ বর্গকিলোমিটার এলাকায় টুডি ও থ্রিডি সাইসমিক পরিচালনা ও জরিপ সম্পন্ন করা হচ্ছে। তার মানে আমাদের নতুন গ্যাসক্ষেত্র ও পুরোনো যেসব গ্যাসক্ষেত্র আছে, সেগুলোর কূপ সংস্কার করে বা নতুন কূপ তৈরি করে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের চেষ্টাও একই সাথে চলছে।’