১৭১ দিন পর রাতে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস
দীর্ঘ ১৭১ দিন পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্র ও মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেলের তথ্য অনুযায়ী, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।
এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে ১৯ দিন নিউরো আইসিইউতে থাকার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
আরও পড়ুন: জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
১৪ এপ্রিল অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয় পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা-পুনর্বাসনের পর তিনি দেশে ফিরছেন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবার জানিয়েছে।
মির্জা আব্বাসের ছোট বোন শাহিদা মির্জা জানিয়েছেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও ধারাবাহিক চিকিৎসার ফলে তিনি এখন সুস্থতার পথে। তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে ফেরার পরও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা ও ফিজিওথেরাপি অব্যাহত থাকবে।