০৩ আগস্ট ২০২৬, ১৪:৩৮

কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে

শিশুটিকে উদ্ধারের পর মায়ের কাছে ফিরিয়ে দেন ট্রাফিক পুলিশ সদস্যরা  © ফাইল ছবি

রাজধানীর ইসিবি চত্বরে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. নাজমুল ইসলাম ও কনস্টেবল আরিফ একটি শিশু কন্যাকে অসহায় ও কান্নারত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিরাপদে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে স্নেহ ও আন্তরিকতার সঙ্গে আশ্রয় দেওয়া হয়।

পরবর্তীতে শিশুটির পরিচয় জানা যায়। তার নাম তাসফিয়া জান্নাত (৬)। তবে সে নিজের নাম ছাড়া আর কোনো তথ্য জানাতে পারেনি। এরপর ট্রাফিক পুলিশ সদস্যরা ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় শিশুটির পরিবারের সন্ধানে ব্যাপক তৎপরতা চালান এবং স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

কিছুক্ষণ পর শিশুটির মা জানতে পারেন, তার হারিয়ে যাওয়া মেয়ে ট্রাফিক পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছে। পুলিশ বক্সে এসে মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রয়োজনীয় পরিচয় নিশ্চিত করার পর ট্রাফিক পুলিশ শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার মায়ের কাছে হস্তান্তর করে।

আরও খবর: শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা আজ, শুরুতেই ৯ম শিক্ষক নিয়োগের এজেন্ডা

আজ সোমবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটেছে।  সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে শিশুটির মা ট্রাফিক পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের ফেসবকু পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি জনসেবা ও মানবিক দায়িত্ব পালনে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। নিরাপদ সড়ক, নিরাপদ নগরী এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে আমাদের এই অঙ্গীকার অব্যাহত থাকবে।