পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুলপ্রতীক্ষিত নতুন পে স্কেল বা জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে এটি কয় ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে মতামত দেবে না সচিব কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। তবে বেতন কত হারে বাড়বে, কোন গ্রেডে মূল বেতন কত বাড়বে এবং মোট কত ধাপে নতুন কাঠামো বাস্তবায়ন হবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে এর গেজেট আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে। গতকাল বুধবার জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেল নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন সচিব কমিটি আরও দুই থেকে তিন দিন কারিগরি বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে।
আরও পড়ুন: পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সচিব কমিটিতে নতুন সিদ্ধান্ত
মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এরপর প্রস্তাবটি আইনি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট প্রকাশ করা হবে।
সভায় অংশ নেওয়া পর্যালোচনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি চাকরিজীবীদের প্রায় ১১ বছর ধরে বেতন বাড়েনি। তাই নতুন পে স্কেলে যেন কারও বঞ্চনা বা ক্ষোভ না থাকে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও দুই থেকে তিনটি সভা হতে পারে। প্রতিটি সভায় খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এরপর আগস্টের শুরুতে গেজেট প্রকাশ করা হতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, বাড়তি বেতন-ভাতা দেওয়ার সঙ্গে বড় অঙ্কের অর্থের সংশ্লেষ রয়েছে। এর সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও জড়িত। তাই নতুন পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সচিব কমিটি কোনো মতামত দেবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে।
এদিকে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও কঠিন সময় বিবেচনায় নিয়ে তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।