০৭ জুলাই ২০২৬, ১১:৫৩

ছয় দিন পর আজ বসছে সংসদ অধিবেশন, উঠছে বগুড়া বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার দুই বিল

জাতীয় সংসদের অধিবেশন  © সংগৃহীত

ছয় দিন বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ মঙ্গলবার (৭ জুলাই) পুনরায় শুরু হবে। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চাইবেন। এ ছাড়া পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ বিলটি পাসের প্রস্তাবও উপস্থাপন করবেন।

মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে প্রশ্নোত্তর, জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনা, একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং দুটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আইন প্রণয়ন কার্যক্রম চলবে।

আইন প্রণয়ন কার্যাবলির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি সংসদে উত্থাপন করা হবে এবং পরীক্ষাপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

এ ছাড়া পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০ এর অধিকতর সংশোধনের লক্ষ্যে আনা পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ এবং পরে বিলটি পাসের প্রস্তাবও উপস্থাপন করবেন শিক্ষা মন্ত্রী।

আরও পড়ুন: পে স্কেলে সব গ্রেডে বেতন একই হারে বাড়ছে না, গেজেট নিয়ে যে আলোচনা হলো

অধিবেশনের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এদিন বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে প্রাপ্ত নোটিশ নিষ্পত্তির পাশাপাশি গৃহীত দুটি নোটিশের ওপর আলোচনা হবে।

এর মধ্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনার বিষয়ে বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। অন্যদিকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম প্রকৃত ভূমিহীন ও দরিদ্রদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদানের বিষয়ে ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

অধিবেশনে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ এ ওপর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করবেন। তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।