দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমার কাছে একটি পরিসংখ্যান আছে। এটি সবার জানার জন্য বলছি। হিসাব করে দেখা গিয়েছে, মোটামুটিভাবে সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় ৪০ লাখ মানুষ। বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ। স্বাভাবিকভাবে সরকারের সীমাবদ্ধতা আছে।’
আজ রবিবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মানুষকে বোঝাবো যে, কি কি কাজ থেকে বিরত থাকলে, খাবার-দাবার লাইফ স্টাইল ফলো করলে অসুখ থেকে অসুস্থ থেকে বিরত থাকা যাবে, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়।’
তিনি বলেন, ‘সেজন্যই আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি। সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে এক লাখ হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে। কারণ মা-বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার-দাবার, হাইজিন সবকিছু কমবেশি খেয়াল রাখেন।’
আরও পড়ুন: দুই শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
‘কোন জিনিসটি খেলে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে। কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে। কোন জিনিসটি খেলে না খেলে প্রেসার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে। এই হেলথকেয়ারগুলো সেখানেই কাজ করবে’, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘ধীরে ধীরে জনগণ এটির সুফল পাবে। ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস এনশিওর করতে পারব।’