২৯ জুন ২০২৬, ০৭:৩৬

নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের

পে স্কেল  © টিডিসি ফটো

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও সেটি থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। সূত্র বলছে দুই ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বেসিক বৃদ্ধি করা হলে নানা জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কিছু চাকরিজীবীর বেতন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌছেছে যে, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধি করা হলে তাদের বেতন খুব সামান্য বৃদ্ধি পাবে। এজন্য দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গতকাল রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। অর্থাৎ ২০২৬-২০২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বৃদ্ধি এবং ২০২৭-২০২৮ অর্থবছর থেকে ভাতা বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি।'

শতভাগ বেসিক বৃদ্ধি করলে বিভিন্ন ভাতা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 'কিছু ভাতা কমানোর হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। তখন কোন কোন ভাতা কমানো হতে পারে সেটি পরিস্কার হবে।'