বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক দুই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে।
আরও পড়ুন : বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী
প্রসঙ্গত, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক। রাজনৈতিক পর্যায়ে দুই দলের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।