১৮ জুন ২০২৬, ০৯:১৬

‘আই হ্যাভ এ প্ল্যান’-এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

বহুল আলোচিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহিষ্ণু এবং কৃষক-কেন্দ্রিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি।

বুধবার (১৭) জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বের লিখিত জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এ সংসদের সভাপতিত্ব করেন বীরবিক্রম ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদে এ লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষক কার্ড বিতরণ, স্বল্পসুদে কৃষিঋণ, সার ও বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা সম্প্রসারণ, খাল পুনঃখনন, স্মার্ট কৃষি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, কৃষি উৎপাদন ও বিপণনকে তথ্যভিত্তিক করার পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার।

আরও পড়ুন: মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের খাদ্যনিরাপত্তা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃষিখাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সেন্সর ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষিকে আরও লাভজনক ও যুগোপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ সময় পর দেশে ফিরে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পূর্বাচলে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানটি উচ্চারণ করেন তারেক রহমান। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সংসদে দেওয়া ব্যাখ্যায় তিনি স্পষ্ট করেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ মূলত কৃষি, খাদ্যনিরাপত্তা, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের একটি সমন্বিত জাতীয় পরিকল্পনার প্রতিফলন।