সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ, আলোচনায় ২ ফুটবলার
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। শেষ অনুশীলনেও কোচ লিওনেল স্কালোনি নিজের পরিকল্পনা গোপন রেখেছেন। তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দুটি পজিশনে বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই জায়গায় আলোচনায় আছেন গনসালো মন্তিয়েল ও নিকোলাস গনসালেস।
সেমিফাইনালের আগে কানসাস সিটিতে শেষ অনুশীলন করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুরে অনুশীলন শেষ করে রাতে আটলান্টার উদ্দেশে রওনা দেয় দলটি। বুধবার আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
পুরো বিশ্বকাপের বেশির ভাগ সময় কানসাসেই নিজেদের ক্যাম্প করেছে আর্জেন্টিনা। সেখানেই ছিল দলের শেষ অনুশীলন। অনুশীলন শেষে খেলোয়াড়রা একসঙ্গে ঐতিহ্যবাহী বারবিকিউ (আসাদো) মধ্যাহ্নভোজে অংশ নেন।
তবে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষ অনুশীলনে স্কালোনি কোনো পূর্ণাঙ্গ একাদশ সাজিয়ে খেলাননি। সম্ভাব্য শুরুর একাদশ সম্পর্কেও তিনি কোনো ইঙ্গিত দেননি।
অনুশীলনের শুরুতে খেলোয়াড়রা হালকা ওয়ার্মআপ করেন। এরপর বল নিয়ে বিভিন্ন অনুশীলন এবং ছোট পরিসরের ম্যাচ খেলেন। মূল কৌশলগত অনুশীলন হবে আটলান্টায়। সেখানেই ইংল্যান্ড ম্যাচের পরিকল্পনা, সেট-পিস এবং শুরুর একাদশ নিয়ে চূড়ান্ত কাজ করবেন স্কালোনি।
আরও পড়ুনঃ দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
সবশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে ওঠে দলটি। যদিও দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হয়েছিল, তারপরও আর্জেন্টিনাকে জয় পেতে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
তার পরও স্কালোনি নিয়মিত একাদশের বেশির ভাগ খেলোয়াড়ের ওপরই আস্থা রাখছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি টানা চতুর্থবারের মতো একই একাদশ মাঠে নামিয়েছিলেন। এর আগে মিসরের বিপক্ষেও একই দল খেলেছিল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, মিসরের বিপক্ষে নাটকীয়ভাবে জয় এলেও তিনি দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন। কোচিং স্টাফের মূল্যায়ন ছিল, আর্জেন্টিনা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং অনেক পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেছে। তবে সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণে কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল।
এবারও একই একাদশ ধরে রাখার পেছনে স্কালোনির বড় কারণ হলো তার খেলোয়াড়দের প্রতি আস্থা। দীর্ঘদিন ধরে এই ফুটবলারদের সঙ্গে কাজ করছেন তিনি। তাদের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে তারাই আবার নিজেদের সেরা খেলায় ফিরবে বলে বিশ্বাস করেন আর্জেন্টিনা কোচ।
তবে মধ্যমাঠ এখনো স্কালোনির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। লিয়ান্দ্রো পারেদেস ছাড়া এই বিভাগের বেশির ভাগ খেলোয়াড় প্রত্যাশামতো খেলতে পারেননি। সুইজারল্যান্ড ম্যাচের শেষে পারেদেস পায়ে টান অনুভব করেছিলেন। তবু এই বিভাগে পরিবর্তন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
তবে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদিও স্কালোনি এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি, তবু সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনার জায়গায় গনসালো মন্তিয়েল এবং মিডফিল্ডে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলে নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে।
বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচের আগে নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। সেমিফাইনালের আগেও সেই কৌশলেই এগোচ্ছেন তিনি। তার স্বভাব অনুযায়ী, ড্রেসিংরুমে শেষ টিম মিটিংয়ের আগে শুরুর একাদশ প্রকাশ করবেন না। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে জানা যাবে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ।