০৪ জুলাই ২০২৬, ১৪:১৬

আর্জেন্টিনাকে কাপিয়ে দেওয়া কেপ ভার্দের জনপ্রিয় খাবার কি, তৈরি হয় কীভাবে?

জাতীয় খাবার কাচুপা  © সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের বুকে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাত্র ৬ লাখ মানুষের এই দেশটি এবারই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে চমকে দেয় বিশ্বকে। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলগুলোর বিপক্ষে অপরাজিত থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ ওঠে তারা। আজ নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ৩-২ ব্যবধানে হারলেও তাদের সাহসী ফুটবল মুগ্ধ করেছে কোটি ফুটবলপ্রেমীকে।

ফুটবলের এই নতুন চমকের মতোই সমৃদ্ধ কেপ ভার্দের খাদ্যসংস্কৃতিও। দেশটির জাতীয় খাবার কাচুপা (Cachupa) শুধু একটি খাবারই নয়, এটি কেপ ভার্দের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভুট্টা, শিম, নানা ধরনের সবজি এবং মাংস বা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি এই খাবার প্রায় প্রতিটি কেপ ভার্দিয়ান পরিবারের খাবারের টেবিলে দেখা যায়।

কি কি থাকে কাচুপায়?
কাচুপার মূল উপাদান হলো হোমিনি (ক্ষার প্রক্রিয়াজাত ভুট্টা) এবং লাল শিম। এর সঙ্গে যোগ করা হয় পেঁয়াজ, টমেটো, বেল পেপার, মিষ্টি আলু, ক্যাসাভা (মানিওক), কেলসহ বিভিন্ন সবজি। মাংসের মধ্যে গরু, খাসি, শূকর কিংবা মুরগির মাংস ব্যবহৃত হয়। উপকূলীয় অঞ্চলে আবার ম্যাকারেল মাছ, ঝিনুকসহ বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়েও কাচুপা রান্না করা হয়। অনেক পরিবার এতে সসেজ ও বেকনও যোগ করে, যা খাবারটির স্বাদ আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: বাংলাদেশের ৬ জেলার চেয়ে ছোট কেপ ভার্দে কেমন দেশ?

৫ ঘন্টা ধরে রান্নাই স্বাদের রহস্য
শক্ত ভুট্টা ও শুকনো শিম ভালোভাবে নরম হতে দীর্ঘ সময় লাগে। সাধারণত আগের রাতেই শিম ভিজিয়ে রাখা হয়। এরপর ধাপে ধাপে মাংস, ভুট্টা, শিম, সবজি ও সসেজ যোগ করে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা রান্না করা হয়। ফলে সব উপকরণের স্বাদ একে অপরের সঙ্গে মিশে গিয়ে তৈরি হয় ঘন ও সমৃদ্ধ স্ট্যু। এই খাবার সাধারণত রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। মজার বিষয় হলো, আগের দিনের বেঁচে যাওয়া কাচুপা পরদিন সকালে ভেজে তার ওপর একটি ভাজা ডিম দিয়ে নাশতা হিসেবেও খাওয়া হয়, যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।

‘রিকা’ ও ‘পব্রে’ দুই ধরনের ক্যাচুপা
এই ক্যাচুপার আবার দুটি ধরণ রয়েছে। একটা হলো ক্যাচুপা রিকা, যা বিশেষ অনুষ্ঠান বা উৎসবে পরিবেশন করা হয়। এতে বিভিন্ন ধরনের মাংস ও বেশি সবজি থাকে।
অন্যদিকে ক্যাচুপা পব্রে তুলনামূলক সহজভাবে রান্না করা হয়। এতে মূলত ভুট্টা, শিম ও অল্প কিছু উপকরণ ব্যবহার করা হয়। তবে স্বাদ ও পুষ্টিগুণের দিক থেকে এটি সমান জনপ্রিয়।

কেপ ভার্দের আরও জনপ্রিয় খাবার
কাচুপার পাশাপাশি কেপ ভার্দের রান্নায় রয়েছে আরও বেশ কিছু ঐতিহ্যবাহী পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রিল করা লবস্টার লাগোস্তা গ্রেলহাদা, ভুট্টার আটা ও নারকেল দিয়ে তৈরি মিষ্টি কুসকুজ এবং মসলাযুক্ত গরুর মাংসের পুরভরা পাস্তেল কম জাগাসিদা। আফ্রিকান, পর্তুগিজ ও ব্রাজিলীয় খাদ্যসংস্কৃতির প্রভাব মিলিয়ে কেপ ভার্দের রান্না বিশ্বজুড়ে খাদ্যরসিকদের কাছেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। 

[সূত্র: রেমিটলি]