১৩ জুন ২০২৬, ১৬:০২

ট্রাম্পের বিশ্বাস, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যেতে পারে

ফিফা বিশ্বকাপ ২০২৬  © টিডিসি সম্পাদিত

২০২৬ ফিফা বিশ্বকাপের যাত্রা দারুণভাবে শুরু করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী বার্তা দিয়েছে মার্কিনরা। দলের এমন পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের সম্ভাবনা নিয়ে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের শুরুতেই দুর্দান্ত জয় তুলে নিয়ে ‘গ্রুপ ডি’র শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। সাবেক আর্সেনাল ফরোয়ার্ড ফোলারিন বালোগুন জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। ম্যাচের অন্য গোলটি আসে জিওভানি রেইনার পা থেকে, আর একটি ছিল আত্মঘাতী গোল।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টনি মিওলাও দলের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেছেন। তার মতে, কয়েক বছর আগেও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে যুক্তরাষ্ট্রকে কল্পনা করা কঠিন ছিল। এখন বিশ্বের বিভিন্ন লিগে খেলছেন মার্কিন ফুটবলাররা, দেশটির নিজস্ব লিগও শক্তিশালী হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র এখন সত্যিকারের একটি ‘ফুটবল জাতি’ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে ৭০ হাজারের বেশি দর্শকের উপস্থিতি এবং শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ প্রমাণ করেছে যে বিশ্বকাপের উন্মাদনা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জাতীয় দলের এমন জয়ে সমর্থকদের আত্মবিশ্বাসও বেড়েছে।

আরও পড়ুন : গ্রুপ পর্বের সব ম্যাচই মিস করতে পারেন নেইমার, ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি

তবে প্যারাগুয়েকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের মতো দলকে হারিয়েছিল তারা। তাই এমন প্রতিপক্ষের বিপক্ষে ৪-১ গোলের জয়কে বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আরেক সহ-আয়োজক কানাডা বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এর আগে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর এখন প্রশ্ন উঠেছে—ট্রাম্পের ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে? যুক্তরাষ্ট্র কি সত্যিই ‘শেষ পর্যন্ত’, অর্থাৎ বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে পৌঁছাতে পারবে? সেই উত্তর মিলবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে।