ভারতীয় যে চ্যানেলে দেখা যাবে ফিফা বিশ্বকাপ, জেনে নিন
ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে কম্পানিটি। এর ফলে ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ২০৩০ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ নারী বিশ্বকাপও ভারতে জি-এর প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন দর্শকরা।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ সম্প্রচার স্বত্বের মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। প্রাথমিক আলোচনা সফল না হলেও পরবর্তী দফার আলোচনায় শেষ পর্যন্ত স্বত্ব অর্জনে সফল হয় জি।
চুক্তির অংশ হিসেবে ভারতে চারটি নতুন ক্রীড়া চ্যানেল চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে একটি নতুন স্পোর্টস নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জি, যার মাধ্যমে ক্রীড়া সম্প্রচার কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পোর্টস ব্রডকাস্টিং খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে তারা নতুন এই নেটওয়ার্ক চালু করছে। নতুন চ্যানেলগুলোর মধ্যে রয়েছে— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি (হিন্দি ভাষায়) এবং ইউনাইট৮ স্পোর্টস ২, ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি (ইংরেজি ভাষায়)।
চ্যানেলগুলোতে শুধুমাত্র ক্রীড়াবিষয়ক কনটেন্ট প্রচার করা হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিংসহ বিভিন্ন খেলার সম্প্রচার থাকবে এসব প্ল্যাটফর্মে।
আরও পড়ুন: পিএসজি-আরসিবি যা পেরেছে, বিশ্বমঞ্চে তা করে দেখাবে আর্জেন্টিনা?
ফলে এখন নিশ্চিতভাবেই বলা যায়, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এবং পরবর্তী বিশ্বকাপগুলো ভারতে জি-এর নতুন স্পোর্টস চ্যানেলগুলোতে সম্প্রচার করা হবে। একই সঙ্গে ম্যাচগুলো জি৫ (Zee5) অ্যাপেও সরাসরি স্ট্রিমিং করা হবে।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। নতুন এই চুক্তির আওতায় ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ, ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০৩৪ সাল পর্যন্ত বিভিন্ন ফিফা টুর্নামেন্ট সম্প্রচার করবে জি।
এ ছাড়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ফুটসাল বিশ্বকাপ, নারী ফুটসাল বিশ্বকাপসহ ফিফার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও এই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। ফলে আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলো দেখার ক্ষেত্রে ভারতীয় দর্শকদের জন্য নতুন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি হলো।
চুক্তি নিয়ে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পুনীত গোয়েঙ্কা বলেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া টুর্নামেন্টগুলোর একটি দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল এমন একটি খেলা, যা বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির মানুষকে একত্রিত করে এবং এই খেলাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ব্যাপক সম্ভাবনাময় খেলাগুলোতে বিনিয়োগ করাই তাদের লক্ষ্য। ফিফার সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে এবং দর্শকদের জন্য ক্রীড়ার রোমাঞ্চ আরও বাড়িয়ে তুলবে।