২৭ জুন ২০২৬, ০৮:৫৬

বর্ষার জনপ্রিয় ফল লটকন: পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল

মৌসুমি ফল লটকন  © সংগৃহীত

গ্রীষ্মের শেষভাগ ও বর্ষাকালে বাজারে দেখা মেলে দেশীয় জনপ্রিয় ফল লটকনের। টক-মিষ্টি স্বাদের এই ফলটি শুধু মুখরোচকই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত লটকন এখন বাণিজ্যিকভাবেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ এ ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

লটকনের বৈজ্ঞানিক নাম (ব্যাকাউরিয়া সাপিডা)। এটি ইংরেজিতে (বার্মিজ গ্রেপ) নামে পরিচিত। ফলটি আকারে ছোট, গোলাকার এবং পাকলে হলুদাভ রং ধারণ করে। এর ভেতরে থাকা রসালো অংশই মূলত খাওয়া হয়। 

কখন পাওয়া যায়?
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত লটকনের মৌসুম চলে। তবে জুলাই ও আগস্ট মাসে এ ফল সবচেয়ে বেশি পাওয়া যায়। বর্ষার সময়ে দেশের বিভিন্ন ফলের বাজারে লটকনের ব্যাপক সরবরাহ দেখা যায়। 

কোন এলাকায় বেশি উৎপাদন হয়?
দেশের বিভিন্ন অঞ্চলে লটকনের চাষ হলেও নরসিংদী, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে এর উৎপাদন তুলনামূলক বেশি। বিশেষ করে নরসিংদীর বেলাব উপজেলা ‘লটকনের গ্রাম’ হিসেবেও পরিচিতি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব এলাকায় বাণিজ্যিকভাবে লটকনের চাষ বৃদ্ধি পেয়েছে। 

লটকনের পুষ্টিগুণ
পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম লটকনে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বি-কমপ্লেক্স ভিটামিন। বিভিন্ন গবেষণা ও পুষ্টি তথ্য অনুযায়ী, ১০০ গ্রাম লটকনে পাওয়া যায় ভিটামিন সি (প্রায় ১৭৮ মিলিগ্রাম), পটাশিয়াম (প্রায় ১৭৭ মিলিগ্রাম), ক্যালসিয়াম (প্রায় ১৬৯ মিলিগ্রাম), ভিটামিন বি-১ ও বি-২, খাদ্য আঁশ (ফাইবার),অল্প পরিমাণ আয়রন ও অন্যান্য খনিজ উপাদান ।

আরও পড়ুন : খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বাড়ার ঝুঁকি

লটকন খাওয়ার উপকারিতা
লটকনে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের বিভিন্ন উপকারে আসে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করে।
হাড় ও দাঁত মজবুত রাখে: এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।
হজমে সহায়তা করে: ফাইবার থাকায় হজম প্রক্রিয়া উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
শরীরের পানির ভারসাম্য বজায় রাখে: পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ ও শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়ক।
অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখতে পারে। 

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি ফল হিসেবে লটকন শুধু স্বাদের জন্য নয়, বরং পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বর্ষার মৌসুমে খাদ্যতালিকায় দেশীয় এই ফল রাখা হতে পারে স্বাস্থ্যকর একটি অভ্যাস।