এক রাতেই গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরির অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছাত্রীদের দুটি আবাসিক হল বনলতা ও অপরাজিতায় চুরির অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে পৃথক এসব ঘটনায় ল্যাপটপ চুরির চেষ্টা, নগদ টাকা ও বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হল দুটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে বনলতা হলে জানালা দিয়ে একটি ল্যাপটপ নেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে ছাত্রীরা চিৎকার করে তাকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি ল্যাপটপটি কাদায় ফেলে হলের দেয়াল টপকে পালিয়ে যান। একই হলে আরেক শিক্ষার্থীর ২ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগও পাওয়া গেছে।
অন্যদিকে, একই সময়ে অপরাজিতা হলে বোরকা, কানের দুল, চার্জার, ইয়ারফোন ও চার্জার লাইটসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বনলতা হলের এক শিক্ষার্থী বলেন, ‘রাত ২টার দিকে পড়াশোনা শেষ করে ল্যাপটপটি টেবিলে রেখে ঘুমিয়ে পড়ি। ভোর আনুমানিক ৪টার দিকে চিৎকার শুনে ঘুম ভাঙে। পরে টেবিলের দিকে তাকিয়ে দেখি, আমার ল্যাপটপটি নেই।’
আরও দেখুন: সাগর বাঁচাতে বর্জ্য গায়ে সৈকতে ১২ স্বেচ্ছাসেবী
তিনি আরও বলেন, ‘বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা হলের নিরাপত্তাকর্মীদের ডেকে তোলেন। পরে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা মিলে ধাওয়া করলে ওই ব্যক্তি ল্যাপটপটি ফেলে পালিয়ে যান।’
এসব ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বনলতা হলের প্রভোস্ট সানজিদা হক বলেন, ‘ঘটনার কথা জানার পর সকালে দুই হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। উপাচার্যের সঙ্গেও কথা হয়েছে। তিনি আগামী সপ্তাহের মধ্যে হলের চারপাশে দেয়াল নির্মাণের ব্যবস্থা নিতে হল প্রভোস্টদের বলেছেন। পাশাপাশি, হলের বাইরে নিরাপত্তাকর্মীদের জন্য কক্ষের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন।’
আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
তিনি আরও বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে একজন নিরাপত্তাকর্মীকে শাস্তির আওতায় আনা হতে পারে।’
অপরাজিতা হলের প্রভোস্ট রেহানা পারভীন বলেন, ‘দুই হলের নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা রয়েছে। তাদের বাঁশি দেওয়া হয়েছে, যাতে হলে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে বাঁশি বা ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করতে পারেন। হলের বাকি অংশের প্রাচীর নির্মাণ এবং পর্যাপ্ত আলোর জন্য হ্যালোজেন লাইট লাগানোর ব্যবস্থা নিতে উপাচার্য হল প্রভোস্টদের নির্দেশ দিয়েছেন।’
আরও দেখুন: ১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, আবেদনের বাকি ৫ দিন
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম সরওয়ার বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডি সরেজমিনে বিষয়টি দেখবে। ঘটনার ক্ষেত্রে কার কী ভুল রয়েছে, তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’