চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে প্রত্যাখ্যান করে আন্দোলনের পঞ্চম দিনে রেড কার্ড কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।
পরে সেখান থেকে লাল কার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অনলাইন ভিসি রেড কার্ড, রেড কার্ড রেড কার্ড’, ‘মানি না, মানি না, অনলাইন ভিসি মানি না’, ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘উই ওয়ান্ট সায়েম স্যার’ সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চতুর্থ হলেন ছেলে হানিফ
এ সময় পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, ‘ইতোমধ্যে আমরা দেখেছি ৫৬ দিনে সায়েম স্যার শিক্ষার্থীবান্ধব তার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। নতুন উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি তার বক্তব্যে আমাদের এই আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা প্রত্যেক হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছি। তার এই নিন্দনীয় বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’