মঙ্গলবার কুয়েটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও আবাসিক হলগুলোর অংশগ্রহণে র্যালির ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন স্টল স্থাপন করা হবে। কুয়েটের গৌরব ও ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে আলপনা আঁকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কুয়েটের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যকে কেন্দ্র করে শর্টফিল্ম, পোস্টার ও প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় নির্বাচিত কাজগুলো বিশ্ববিদ্যালয় দিবসে প্রদর্শন করা হবে।
আরও দেখুন: ল্যাবে পুড়েছে আইসি, রাত জেগে পড়াশোনা—সিফাতের ডিনস অ্যাওয়ার্ড জয়ের গল্প
দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষক বনাম শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন আয়োজন, স্টল ও প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন বিভাগের ল্যাবরেটরিও পরিদর্শনের সুযোগ পাবেন। এদিন দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবসমূহও উন্মুক্ত করে দেওয়া হবে।
বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য সাধারণ দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।