পুলিশ ক্যাডারে অষ্টম, পেয়েছেন প্রশাসনও—এবার ফরেন ক্যাডারে দ্বিতীয় হলেন কুয়েটের সাদিক
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (২৮ জুন) প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২কে১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিক আহমেদ ৪৭তম বিসিএসে ফরেন ক্যাডারে মেধাক্রমে দ্বিতীয় স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এর আগে তিনি ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে অষ্টম স্থান অর্জন করেন এবং ৪৫তম বিসিএসেও প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। ধারাবাহিক এ সাফল্যের মাধ্যমে এবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন কুয়েটের এই মেধাবী শিক্ষার্থী।
সাদিক আহমেদ রংপুরের মহিপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রংপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
আরও পড়ুন : পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাদিক আহমেদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এ অর্জনের পেছনে যারা ইতিবাচকভাবে অবদান রেখেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি জানান, তার এই সাফল্য উৎসর্গ করা হলো তার স্ত্রী, বাবা-মা ও বোনদের প্রতি। তাদের ভালোবাসা, সমর্থন ও ত্যাগের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাদিক আহমেদের এ অসামান্য অর্জনে কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।