১০ জুন ২০২৬, ১৫:০৯

প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেছেন, 'প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি—আই হ্যাভ অ্যা প্ল্যান। আমার এই পরিকল্পনা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব।'

মঙ্গলবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, `শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর সততা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও এদেশের মানুষকে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিদায়ী সংবর্ধনা

তিনি আরও বলেন, ‘বর্তমান সংকটাপন্ন মুহূর্তে তাঁর সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী কাজ করতে হবে। সব পরিকল্পনা  প্রকাশ করা যায় না, আমি কাজে বিশ্বাসী। আমি মুখে না বলে কাজ করে দেখাব।'

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।