হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৭ ছাত্রের বিরুদ্ধে মামলা, অজ্ঞাতনামা আসামি শতাধিক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হল এবং শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা রেখে বাদী হয়ে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।
শুক্রবার (২২ মে) রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলার এজাহার দাখিল করা হয়। এ মামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা হাতে শহীদ নূর হোসেন হলের অভ্যন্তরে ভাঙচুর করে অন্তত সাড়ে ৩ লাখ টাকার সরকারি সম্পদ নষ্ট করে। এ সময় হামলায় সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিনজন ছাত্র আহতহন। তারা ভয়ভীতিও প্রদর্শন করে।
আরও পড়ুন: নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে, অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের
মামলায় নাম উল্লেখ করা ৭ আসামি হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, অ্যাকাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, ফুড অ্যন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি, রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা, অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ ও ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামস।
মামলার বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী বলেন, মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। বাকিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।