০৮ মে ২০২৬, ১৫:৪৯

নবম পে-স্কেল বাস্তবায়নে বাজেট বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারির দাবি

নবম পে-স্কেল বাস্তবায়নে পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রতিনিধি সমাবেশ  © সংগৃহীত

নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য বাজেটে বরাদ্দ রেখে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আজ শুক্রবার পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মালেক; প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সদস্য সচিব আশিকুল ইসলাম। 

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সী শাবু। এ ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন : ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন, শুরু-শেষ কবে

অনুষ্ঠানে বক্তারা বলেন,  ‘১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে প্রায় ২ হাজার ২০০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি বিদ্যুৎ, পানি, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পন্য কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে, অন্তর্বর্তী  সরকারের সময় থেকেই পে স্কেল বাস্তবায়ন নিয়ে পজিটিভ কোনো খবরে সূত্র ধরে বারবার দ্রব্য মুল্য বেড়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার ক্ষমতা গ্রহণের পর ও বহুবার দ্রব্য মুল্যর বেড়েছে, ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের অধিকাংশ কর্মচারী ব্যাংক, বীমা ও প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। মাস শেষে ঋণের কিস্তি পরিশোধের পর যে বেতন হাতে থাকে, তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হচ্ছে না।’

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপটে পে-কমিশন গঠন করা হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, সরকার ৩ ধাপে ৩ বছরে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করতে পারে—যা কর্মচারীদের মধ্যে নতুন করে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। ৩ ধাপে ৩ বছরে পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীরা আরও ৩ বছর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকবে, এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পে স্কেল কে পুজি করে প্রতিটি ধাপ কার্যকরের সময় পন্যর দাম বাড়াবে যা কর্মচারীদের আরও ব্যাপক ক্ষতি করবে। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর যদি পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়, তাহলে বাস্তবে এর সুফল পাওয়া যাবে না। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বৃদ্ধি কার্যত অর্থহীন হয়ে পড়বে।

এমতাবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে সর্বোচ্চ দুই ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা। তাদের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাসমূহ কার্যকর করা হলে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার কিছুটা স্বস্তি পাবে।

সংগঠনটির সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ‘কাজ বেশি, মাইনা কম’—এই বাস্তবতায় আমরা দিন পার করছি। তাই দ্রুত ও কার্যকরভাবে দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে পে-স্কেলের প্রকৃত সুফল পাওয়া যাবে না। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই আংশিক বেতন বৃদ্ধি বাস্তবে কোনো স্বস্তি বয়ে আনবে না।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, ‘দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও বেতন কাঠামোয় কার্যকর কোনো পরিবর্তন না আসায় জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে।’