১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিবন্ধন প্রাপ্তদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি লিখেছেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন প্রাপ্তদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।’
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষে ৯ম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে মৌখিক পরীক্ষা শেষে ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশের কথা রয়েছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নাকি ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ—কোনিট আগে হবে তা নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রগুলো জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৮তম নিবন্ধনে সুপারিশবঞ্চিতদের নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা রয়েছে।
আরও খবর: ১৮তম নিবন্ধনধারীদের সুপারিশ নাকি ৯ম শিক্ষক নিয়োগ, কোনটি আগে?
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০ এর অধিক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছে। সূত্রের তথ্য বলছে, ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের সুপারিশের বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। কেননা ৯ম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে। আগের মতো নিবন্ধন সনদ না দিয়ে সরসরি নিয়োগ সুপারিশ করা হবে।
এ জন্য সুপারিশবঞ্চিতদের সুপারিশ আগে করতে হবে। এরপর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিদের বিষয়টি আগে সমাধানের পরিকল্পনা রয়েছে। এরপর ৯ম বা ১৯তম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানপ্রধানদের ভাইভা শেষ হওয়ার পরপরই ১৮তমদের সুপারিশের কার্যক্রম শুরু হবে।’