২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এ সভা হচ্ছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সাড়ে ৩টার পর এ সভা শুরু হয় বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির সার্বিক কার্যক্রম নিয়ে টেলিটিক ব্রিফ করছে। সভা শেষে বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো যাবে।’

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মাউশি সূত্রে জানা গেছে, বদলি নিয়ে সভায় বদলির সামগ্রিক বিষয় উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এদিকে স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল চলতি মাসের প্রকাশের কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী অক্টোবর মাসে বদলির ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

আরও খবর: কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠান, ফের বাড়ল সময়

শনিবার (২৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলির ফলাফলের বিষয় নিয়ে চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবেন সংস্থাটির মহাপরিচালক। এরপর শিক্ষামন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশের সম্ভাব্য একটি সময়সীমা নির্ধারণ করা হবে। 

ওই সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য টেলিটককে নির্দেশনা দেবে মাউশি। সূত্রের তথ্য বলছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এবং টেলিটকের ফল প্রকাশের চূড়ান্ত কার্যক্রম শেষ করতে কিছুটা সময় লাগবে। যার ফলে চলতি মাসে বদলির ফল প্রকাশ করা সম্ভব হবে না। আগামী মাসের শুরুর দিকে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।