মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, তা আজকের আবেদনের চাপ ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের সাড়া পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আজকের দিনটি পর্যবেক্ষণ করবো। চাহিদা অনুযায়ী সময় বাড়াতে পারি।’
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত সময়সীমা আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। গত ৩০ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের সাড়া ও আবেদনের পরিস্থিতি বিবেচনা করে সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আনাসের গল্প-জীবনী
মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় প্রায় ৪২ হাজার শূন্য পদ প্রকাশ করা হয়েছে। সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে ম্যানুয়াল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)-এর এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা, ২০২৬’-এর ৩.১৯ ধারা অনুযায়ী এ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আবেদনকারীদের প্রকাশিত শূন্য পদের তালিকা থেকে পছন্দের পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচন করে হার্ডকপি আবেদন জমা দিতে হচ্ছে।