২৫ আগস্ট ২০২৬, ১১:১০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আবেদন ১০ হাজার ছাড়িয়েছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত সময় থাকায় এ সংখ্যা আরও বাড়বে। মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার সকালেই শিক্ষকদের বদলির জন্য আবেদন ১০ হাজার পার হয়েছে। আবেদনের সংখ্যা আরও বাড়বে।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান।

অন্য খবর: ১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

সোমবার মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সাথে সকাল ১১টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধান যোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে।’