২০ আগস্ট ২০২৬, ০৯:১৩

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ  © ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষদের বদলির আবেদন অবশেষে শুরু হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরে এমপিওভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদনসমূহ গ্রহণপূর্বক সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠি সূত্রে জানা গেছে, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাদাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলি করা হবে।

এ লক্ষ্যে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদনসমূহ গ্রহণপূর্বক সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১৫ দিন অর্থ্যাৎ ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব এ বিভাগে প্ররণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এভাবে বদলি শুরুর কারণ হিসেবে বলা হয়েছে, মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের পরিবার এবং জেলা থেকে দূরে থাকায় তারা বিভিন্ন মনোদৈহিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সুষম বদলি ব্যবস্থা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করার লক্ষ্যে গত ২ জুন ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে। 

অন্য খবর: ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধান্য পাবেন যারা

এর আলোকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুতের কাজ চলছে। তবে সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে। 

এ অবস্থায় জনস্বার্থে ও শিক্ষকগণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আবেদনকারীদের নিকট হতে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণ করবে। অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদনক্রমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।