০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬

বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে ঢাকা বোর্ড  © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে কয়েক দফায় সময় বাড়ানো হলেও অনেক শিক্ষার্থী এখনো ফরম পূরণের বাইরে রয়ে গেছেন। তাদের শিক্ষাজীবন রক্ষায় বিশেষ বিবেচনায় আগামী ১২ ও ১৩ এপ্রিল ফরম পূরণের শেষ সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের এই বর্ধিত সময়সীমা আগামী ১২ এপ্রিল শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ১৩ এপ্রিলের পর ফরম পূরণ সংক্রান্ত আর কোনো আবেদন বা অনুরোধ গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে বাদ পড়া সব শিক্ষার্থীর ফরম পূরণের কাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে এর আগে ২৪ জানুয়ারি এবং ৩১ মার্চ পর্যন্ত কয়েক দফায় সময় বাড়ানো হয়েছিল। মূলত পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বারবার এই সুযোগ দিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ। তবে এবারের বর্ধিত সময়কেই ফরম পূরণের চূড়ান্ত সুযোগ হিসেবে দেখা হচ্ছে।