০৯ জুলাই ২০২৬, ১৭:২৫

টেকনিক্যাল স্কুল-কলেজ না থাকার এলাকার জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন  © সংগৃহীত

টেকনিক্যাল স্কুল-কলেজ না থাকা এলাকাগুলোর জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ শামীম কায়সার লিংকনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা সম্প্রসারণে কাজ করছে।

ভোকেশনাল শিক্ষার্থীদের প্রতি মাসে ৫০০ টাকা উপবৃত্তি, শিক্ষা উপকরণ বাবদ ১ হাজার টাকা এবং ফরম পূরণের জন্য আরও ১ হাজার টাকা দেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষাকে আরও আকর্ষণীয় করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘উন্নত বিশ্বের অনেক দেশে মানবসম্পদের সংকট দেখা দিলেও বাংলাদেশে জনশক্তি বাড়ছে। তাই এ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্য চাইলে ওই চারটি ইউনিয়নের উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল ও আলিম ভোকেশনাল শাখা চালুর ব্যবস্থা করা যেতে পারে। একই সুযোগ অন্যান্য সংসদ সদস্যদের এলাকার ক্ষেত্রেও রয়েছে।’

আরও পড়ুন : সংরক্ষিত ৬ হাজার পদ বাতিল ও ৭৫ হাজার পদে দ্রুত বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রীকে চিঠি

তিনি আরও বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৫১টিতে ডিপ্লোমা ইনস্টিটিউট এবং ১৬১টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। যেসব এলাকায় এখনো এমন প্রতিষ্ঠান নেই, সেসব এলাকার সংসদ সদস্যরা ডিও লেটার দিয়ে আবেদন করলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নতুন প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।’

শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট চারটি ইউনিয়নে বর্তমানে ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসা, ২টি কলেজ, ১টি আলিম মাদ্রাসা এবং ১টি ফাজিল মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পর্যায়ে ভোকেশনাল শিক্ষা চালুর যথেষ্ট সুযোগ রয়েছে।