ইসলামী ব্যাংককে অর্থ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন, নগদ টাকার সংকট এবং চলমান আস্থার চাপের মুখে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৪ জুন) ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ব্যাংকটির বিভিন্ন শাখা ও এটিএম নেটওয়ার্কে নগদ অর্থের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সাময়িক তারল্য সংকট মোকাবিলায় এ সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলন এবং দৈনন্দিন ব্যাংকিং লেনদেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাবিতে ৬৪ জন আবেদন করলে একজন চান্স পায়, প্রাথমিকে এমন চাই না
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক। ব্যাংকটির কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, গ্রাহকদের মধ্যে উদ্বেগের কারণে আমানত উত্তোলনের চাপ বেড়েছে। ফলে নগদ অর্থের পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে তারল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক দুই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে।