শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, সভায় মাউশি কর্মকর্তারা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য সভায় বসেছে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে এ সভা শুরু হয়।
সভায় মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (মাধ্যমিক) এস এম মোসলেম উদ্দিন উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'সন্ধ্যার মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সভা চলছে, সভা শেষে আরও বিস্তারিত জানানো যাবে।'
এর আগে গতকাল মাউশির আরেকটি সূত্র জানিয়েছিল, আজ মঙ্গলবার শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তির খসড়া চূড়ান্ত করা হবে। এরপর চলতি সপ্তাহের যে কোনো দিন শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।