লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক
লক্ষ্মীপুরের রায়পুর-মীরগঞ্জ সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমন হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।
আটক ইমন হোসেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুডুয়া গ্রামের খোকা আমিনের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে তিনজন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন বলে ফুটেজে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।