নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার
নেত্রকোনার খালিয়াজুরীতে দুই দিন নিখোঁজ থাকার পর ধনু নদী থেকে অদ্বৈত দাস (৫৫) নামের এক সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর এলাকার ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অদ্বৈত দাস খালিয়াজুরী উপজেলার মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় দাসের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। রাত ১১টার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ,মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।