০৫ নভেম্বর ২০২৬, ১২:১২

গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 

গ্রেপ্তার তামিম শেখ  © সংগৃহীত

১০টি ইয়াবা বড়িসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তামিম শেখ (১৯) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী-সংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তামিম শেখ টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তিনি গওহরডাঙ্গা গ্রামের মাহাবুব হোসেন মুরাদের ছেলে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গ্রেপ্তার তামিম কয়েক মাস ধরে মাদক-সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী-সংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা থেকে তাকে ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

তিনি আরও বলেন, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।