অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ২ লাখ ২৪ হাজার জরিমানা
শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই ঘটনায় তাকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য রুকনুজ্জামান রুকন একটি বৈধ বিদ্যুৎ সংযোগ নেন। ওই সংযোগে প্রিপেইড মিটার থাকলেও গত ১৪ মাস ধরে তিনি মিটার রিচার্জ করেননি। এতে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ হয়।
একপর্যায়ে সংযোগটি পরিদর্শন করতে গিয়ে বৈধ সংযোগের পাশাপাশি অবৈধভাবে নেওয়া আরেকটি সংযোগের সন্ধান পাওয়া যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অভিযোগ, অভিনব কৌশলে নেওয়া ওই অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতেন রুকনুজ্জামান। ফলে বৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার না হওয়ায় দীর্ঘদিন মিটার রিচার্জ করার প্রয়োজন হয়নি।
পরিদর্শনের সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে রুকনুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আরও খবর: পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্যালয়, আটটিই প্রাইভেট
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রুকনুজ্জামান রুকনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এ বিষয়ে বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে।’
তিনি বলেন, ‘কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’