গাজী নজরুলের রিমান্ডের একদিন, যা বললেন ডিবি কর্মকর্তা
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত গাজী নজরুলের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর ২টা ২২ মিনিটে শেরেবাংলা নগর থানা পুলিশ গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে হাজির করে। পরে তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সোমবার রাতে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা ও চলমান রিমান্ডের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হয় ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে। তিনি এ বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি।
তবে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য এখনও রিমান্ড চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য বিষয়গুলো নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। নতুন কোনো তথ্য আসলে দ্রুতই সংবাদ সম্মেলনে জানানো হবে। তবে মামলার অধিকতর তদন্তের স্বার্থে এখনই কোনো তথ্য বাইরে দেওয়া যাবে না।’
আরও পড়ুন: চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।
মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ পরে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার পর গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।