০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মো. মেহেদী হাসান (মাঝে)  © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন করার সময় মো. মেহেদী হাসান (২২) নামের এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর হাসপাতালের দায়িত্বরত সশস্ত্র আনসার সদস্যরা রাতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মেহেদী হাসানকে এক পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব। এ সময় অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেদী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।