২৭ জুন ২০২৬, ০৭:৫৪

১০ দিন পর নিখোঁজ দুই স্কুলছাত্রীর সন্ধান মিলল মিরপুরে

নিখোঁজ হওয়া দুই ছাত্রী  © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর দুই স্কুলছাত্রীর সন্ধান মিলেছে রাজধানীর মিরপুরে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় তাদের একটি সরকারি আশ্রয় কেন্দ্র থেকে উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলেন বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১)। তারা গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে দুই শিক্ষার্থী জানিয়েছে, এক বান্ধবীর প্ররোচনায় চাকরির সন্ধানে তারা ঢাকায় গিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেল ৫টার দিকে আফসানা আক্তার ও আশা মনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। পরে আত্মীয়-স্বজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে আফসানার বাবা আল আমিন বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন: শাবিপ্রবির হলে ফাটল, কক্ষ খালি করার নির্দেশে ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয় এবং ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা সম্ভব হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘দুই ছাত্রী নিখোঁজের ঘটনায় পরিবারের করা সাধারণ ডায়েরির পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। পরে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় মিরপুরের সরকারি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও জানান, দুই শিক্ষার্থী বর্তমানে নিরাপদে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।