২৯ মে ২০২৬, ০৭:৪৭

ঈদের রাতে একসঙ্গে প্রাণ হারালেন ৩ জন

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনা  © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল ক্রসিংয়ের এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে আনার পর তিনজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।

আরও পড়ুন: বাস-মটরসাইকেল মুখোমুখি, শিশু-অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫, কয়েকজন আশঙ্কাজনক

এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ দাশ বলেন, সড়ক দুর্ঘটনার পর বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে। দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।